ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মোদির সফরের বিরোধীতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়েন। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছেন। আগে থেকেই মোদির সফরের বিরোধীতা করছিলেন দেশের বিভিন্ন ইসলামিক দল এবং ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এজন্য পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যরা। এছাড়া মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও।
মুসল্লিরা মসজিদের ভেতরে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তুলে। গেটের বাইরে অবস্থান নিয়ে পুলিশ মুসল্লিদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।